জাসদকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের দেওয়া বক্তব্য দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন জাসদের একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন বঙ্গবন্ধুকে হত্যায় কোন একটি দলকে এভাবে দায়ী করা ইতিহাসসম্মত বক্তব্য নয়। এবং আশরাফের মন্তব্যে ১৪ দলের ঐক্যে কোনো প্রভাব পড়বে বলে তিনি মনে করেন না।

সোমবার ঢাকায় ছাত্রলীগের এক অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বঙ্গবন্ধু হত্যায় জাসদকে দায়ী বলেন, জাসদকে মন্ত্রিত্ব দেয়ায় আওয়ামী লীগকে ‘আজীবন প্রায়শ্চিত্ত করতে হবে’।

ওই বক্তব্যের দুদিন পর বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নে ইনু বলেন, ‘আমরা মনে করি এই সময়ে ১৪ দলের অভ্যন্তরে কোনো কাদা ছোড়াছুড়ি করা উচিত নয়।

এটা ইতিহাস চর্চার সময় নয়। জঙ্গিবাদ সম্পূর্ণরূপে ধ্বংস করার সময়। জাসদ নিয়ে মন্তব্য অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক।’

সৈয়দ আশরাফের ওই বক্তব্য নিয়ে গত দুদিন ধরে রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে চলছে নানামুখী আলোচনা।

ইনু বলেন, সৈয়দ আশরাফের মন্তব্যে ১৪ দলের ঐক্যে কোনো প্রভাব পড়বে বলে তিনি মনে করেন না।

‘পঁচাত্তরের পূর্বাপর ঘটনার বিশ্লেষণ করেই শেখ হাসিনা, আওয়ামী লীগ ও জাসদ ঐক্যের সিদ্ধান্ত নিয়েছে। তার ভিত্তিতে ১৪ দল গড়ে উঠেছে। এ ধরনের মন্তব্যে ঐক্য ও চলার পথ ক্ষতিগ্রস্ত হবে না।’

এই ঐক্য ইতোমধ্যে ‘দেশের জন্য মঙ্গলজনক’ প্রমাণিত হয়েছে মন্তব্য করে ১৪ দলের শরিক নেতাকর্মীদের ‘ধৈর্য্য’ ধরার, ‘ঐক্য’ রাখার এবং ‘কাদা ছোড়ছোড়ি না করার’ আহ্বান জানিয়েছেন জাসদ সভাপতি ইনু।

 

এসএম