কারা কর্তৃপক্ষের অনুমতি পেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মো: কামারুজ্জামানের সাথে আরেকবার সাক্ষাত করতে চান তার পরিবার।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো: কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী টাইমনিউজবিডিকে জানান, কারা কর্তৃপক্ষের কাছ থেকে সোমবারের পর আর কোন চিঠি তারা পাননি।
ওয়ামী বলেন, গত সোমবার যেহেতু কারা কর্তৃপক্ষের কাছ থেকেই চিঠি পেয়ে পরিবারের সদস্যরা তার বাবার সাথে জেলগেটে দেখা করেছেন। তাই তাদের ধারনা চূড়ান্ত রায় প্রকাশের পর কারা কর্তৃপক্ষই হয়তো আবারও দেখা করার জন্য চিঠি পাঠাবেন।
তবে, বিষয়টি নিয়ে যত দ্রুত সম্ভব আইনজীবীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান ওয়ামী। কামারুজ্জামানের সাথে সাক্ষাত করার অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদনও করা হতে পারে বলে জানান ওয়ামী। তবে, যাই করা হোক আগে আইনজীবীদের সাথে তারা আলোচনায় বসবেন।
আজ-কালের মধ্যেই আইনজীবীদের সাথে কামারুজ্জামানের পরিবারের সদস্যদের আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে বলেও জানান ওয়ামী।
কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কীনা সে ব্যাপারে বড় ছেলে ওয়ামী জানান, রায়ের কপি বের হওয়ার পর বিষয়টি নিয়ে আইনজীবীদের সাথে আলোচনা করা হবে এবং তার বাবাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হবে।
তবে, কামারুজ্জামানের পরিবারের সদস্যরা আরেকবার তার সাথে সাক্ষাতের সুযোগ পাবেন কীনা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি জেলকর্তৃপক্ষ।
কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি টাইমনিউজবিডিকে জানান, আগে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হোক, তারপর তারা বিবেচনা করবেন-ফের দেখা করার সুযোগ দেয়া যাবে কীনা।
এদিকে, সুপ্রিম কোর্ট সূত্রে জানা যায়, কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দেয়া রায়ের খসড়া অনুমোদন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ (বুধবার) যে কোন সময়ে রায়ে বিচারপতিরা সাক্ষর করার সম্ভাবনা রয়েছে।
কেবি





