খালেদা জিয়ার নির্দেশে উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলা হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার সময় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হরতালবিরোধী সমাবেশে তিনি এ দাবি করেন।

হাছান মাহমুদ বলেন, জনগণ থেকে খালেদা জিয়া যখন প্রত্যাখ্যাত হয়েছেন, তখন তার নির্দেশেই পেট্রোল বোমা ছুড়ে জনগণকে হত্যা করা হচ্ছে।

হরতাল, অবরোধের নামে যত ভাংচুর, জ্বালাও-পোড়াও হচ্ছে তার জন্য বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামী করে তাকে অবিলম্বে গ্রেফতারেরও আহবান জানান হাছান মাহমুদ। 

সমাবেশে আরো উপস্থিত ছিলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক সালাউদ্দীন চৌধুরী, এম এ করিম, হাসিবুল হোসেন মানিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

আরএম, জেএ