ঢাকা উত্তরের সব খাল ও ড্রেন রক্ষণাবেক্ষণের জন্য ওয়াসার ড্রেনেজ সার্কেলের বিদ্যমান জনবল, ভৌত অবকাঠামো, আনুষঙ্গিক সব উপকরণসহ খাল ও ড্রেনেজ ব্যবস্থাপনা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাছে হস্তান্তরের প্রস্তাব দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ শনিবার কাওলায় সিভিল এভিয়েশন কবরস্থানের পাশে আশকোনা হজক্যাম্প হতে সিভিল এভিয়েশন অফিসার্স কোয়ার্টার হয়ে বনরূপা হাউজিং পর্যন্ত খননকৃত খালের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র আতিকুল স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে এ প্রস্তাব দেন।

এ সময় ডিএনসিসি মেয়র উদ্বোধনকৃত এ খালটির পাশাপাশি কুড়িল বিশ্বরোড থেকে বিমানবন্দর পর্যন্ত সাইকেল লেন তৈরি করার প্রস্তাবও দেন।

আতিকুল ইসলাম বলেন, খালগুলো জেলা প্রশাসনের অধীনে, পানি নির্গমণসহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওয়াসার, কিন্তু জনগণের দুর্ভোগের কথা শুনতে হয় সিটি করপোরেশনকে। জনপ্রতিনিধি হিসেবে মেয়র ও কাউন্সিলরদেরকে জবাবদিহি করতে হয়। কিন্তু ওয়াসাকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না।

‘এমতাবস্থায়, নগরবাসীর ভোগান্তি লাঘবে, ঢাকা ওয়াসার ড্রেনেজ সার্কেলের বিদ্যমান জনবল, যান-যন্ত্রপাতি, আনুষঙ্গিক সব উপকরণসহ খাল ও ড্রেনেজ ব্যবস্থাপনা ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করার প্রস্তাব দিচ্ছি,’ যোগ করেন আতিকুল।

মেয়র আরো বলেন, ‘আমরা কথায় নয় কাজে বিশ্বাস করি, তার প্রমাণ আজকের এই খাল উদ্বোধন। গত ৩০ মে উদ্বোধনের সময় আমরা বলেছিলাম ২১ দিন সময় প্রয়োজন, বৃষ্টির কারণে অতিরিক্ত সাতদিন সময় লেগেছে।’

আতিকুল ইসলাম বলেন, চলতি বছরে ডিএনসিসি কর্তৃক ৪.৭৫ কিলোমিটার সুপরিসর আরসিসি পাইপ-নর্দমা নির্মাণের মাধ্যমে উত্তরা ৪ এবং ৬ নম্বর সেক্টরের দীর্ঘদিনের জলাবদ্ধতাও অনেকাংশে দূর করা হচ্ছে।

এ ছাড়া বনানী মেইন রোডে মাছরাঙ্গা টিভির সামনে জলাবদ্ধতা নিরসনে বিমানবন্দর সড়কে বনানী ওভারপাস হতে কাকলী পর্যন্ত রিটেনশন পন্ড পূনরুদ্ধার করা হয়েছে বলে জানান মেয়র।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরের সব খাল সংস্কার করে পর্যায়ক্রমে হাতিরঝিলের আদলে আনার পরিকল্পনা করছে সরকার।’ তিনি আরো বলেন, ‘জনপ্রতিনিধিরা জনগণের কাছে যেমন জবাবদিহি করবেন কর্মচারিরাও তেমনি জবাবদিহি করবেন; আপনি মন্ত্রী হোন আর ছোট কর্মচারি হোন। আজকে একটি নমুনা ডিএনসিসি মেয়র প্রদর্শন করেছেন। আমাদের অনেকে বলেছে, কিন্তু করে দেখিয়েছে মেয়র আতিক।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈম, সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

এমআর