একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যতীত প্রহসনের কোন নির্বাচন বিশ্ব সম্প্রদায়ও গ্রহণ করিবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক নির্বাচন। এই নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য এবং দেশি-বিদেশি স্বীকৃতি ও সমর্থনের জন্য অবশ্যই নির্বাচনের আগেই সকল দলের ও সকল প্রার্থীর জন্য সমান সুযোগ সুবিধা, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করে নির্বাচন দিলে প্রার্থীদের পাশাপাশি ভোটারদেরও নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের কোন পরিবেশ নেই উল্লেখ করে ডক্টর হেলাল উদ্দিন বলেন, যেখানে প্রশাসন পাথর লুট বন্ধ করতে পারেনা সেখানে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না।

শুক্রবার (১৫ আগস্ট) ঢাকা - ৮ আসনের ছাত্র দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার জাতিকে একটি বিশ্বাসযোগ্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে না পারলে, সরকারকে জবাবদিহিতা করতে হবে। পিআর পদ্ধতির নির্বাচন প্রসঙ্গে ডক্টর হেলাল উদ্দিন বলেন, দেশের ৭১ শতাংশ জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেও অদৃশ্য কোন শক্তির কারণে কিংবা চাপে সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত নিচ্ছে না। অনতিবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা দিতে হবে। তিনি উপস্থিত ছাত্র প্রতিনিধিদের জনগণের আশা-আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়তে অতীতের মত ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঢাকা-৮ নির্বাচনি এলাকার ইসলামি ছাত্র শিবিরের দায়িত্বশীল প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএম