সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য না করলে এই ভয়াবহ সংকট কাটবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

বৃহস্পতিবার বিকালে সারাদেশে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী সমাবেশ-মিছিলের কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কেন্দ্রীয় সমাবেশে সভাপতির বক্তব্যের সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশ আফগানিস্তান বা ইরাক নয়। এ জাতি সমগ্র জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এক নায়ক ও উপনিবেশবাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনকারী জাতি। আজও জাতিকে ঐক্যবদ্ধ করলে আমরাই আমাদের এ সমস্যা সমাধান করতে সক্ষম। এখানে বিদেশীদের আসার প্রয়োজন নাই। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে অপরিহার্য 'জাতীয় ঐক্য' না করলে জাতি ভয়াবহ সংকটে পড়বে।

আবদুর রব বলেনে, ঐক্যবদ্ধভাবেই সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব। সন্ত্রাস-জঙ্গিবাদ-ধর্মান্ধ-ফ্যাসিবাদ-সাম্রাজ্যবাদ-দলবাজ ও এককেন্দ্রিক ক্ষমতা দখলকারী এরা সবাই একই ধারা ও গোত্রের অন্তর্ভূক্ত। একক দল বা সরকারের প্রশাসনিক শক্তি দিয়ে জাতিকে এর মোকাবেলা সম্ভব নয় এটি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে স্বাধীন দেশের উপযোগী রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থাপনা গড়ে না তোলা এবং দুই জোটের ক্ষমতার লড়াইয়ের ফলেই বর্তমান সংকট ও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এদের পক্ষে এ সংকট থেকে জাতিকে মুক্ত করা সম্ভব নয়। এ জন্যই আমরা জাতীয় কনভেনশন ডাকার  আহ্বান জানিয়েছিলাম। যার মধ্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে উঠতে পারতো।

রব বলেন, ৬৯-৭১ এ আমরা গ্রামে গ্রামে জনগণকে সঙ্গে নিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করেছিলাম। আজকে শুধুমাত্র সরকারি দল বা সরকারের আহ্বানে সরকার সমর্থক বা দলীয় কমিটি হবে, সর্বদলীয় সংগ্রাম কমিটি গড়ে উঠবে না।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের সাধারণ সম্পাদক জনাব আবদুল মালেক রতন, কেন্দ্রীয় নেতা এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, মিসেস তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কামাল উদ্দিন পাটোয়ারী, আবদুর রাজ্জাক রাজা প্রমুখ।

এআই