চলতি বছরের জুন মাসেই আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে এবং সেপ্টেম্বরে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে এটি উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আজ বুধবার (১৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বাংলাদেশ অংশের মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর শূন্যরেখায় রেলপথের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, উভয় দেশের জন্য আখাউড়া-আগরতলা রেললাইন সংযোগটি খুবই গুরুত্বপূর্ণ। এ লাইনটি চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি স্বল্প সময়ে ও কম খরচে মানুষ সহজে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবে।
মন্ত্রী বলেন, আগামী মাসের মধ্যেই প্রকল্পটি শেষ হওয়ার জন্য নির্ধারিত আছে। ইতোমধ্যে বাংলাদেশ অংশের রেললাইন ও স্লিপার স্থাপন করা হয়েছে। তবে কিছু কিছু কাজ এখনও বাকি আছে। ওই কাজগুলো আগামী জুনের মধ্যেই শেষ হয়ে যাবে। কাজ শেষে ট্রায়াল রান হবে এবং ট্রেন চলাচলের জন্য সিগন্যালিং ব্যবস্থাসহ সব কাজ সম্পন্ন হলেই আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধনের জন্য প্রস্তাব যাবে।
তিনি আরও বলেন, প্রকল্পটি যেহেতু দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ সেহেতু বাংলাদেশ-ভারত দু’দেশের প্রধানমন্ত্রী এ প্রকল্পটি উদ্বোধন করবেন।
এ রেলপথ প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত দুই দেশের বাণিজ্যের প্রসার ঘটবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, সড়কপথে ট্রাকযোগে যে মালামাল পরিবহন করা হয় সে তুলনায় ট্রেনযোগে অনেক কম খরচে পরিবহন করা হয়। এতে সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে।
এ সময় টেক্সমেকো রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ভাইস প্রেসিডেন্ট শরৎ শর্মা, টেক্সমেকো রেলওয়ে প্রজেক্টের এজিএম ভাস্কর বক্সি, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমাসহ আখাউড়া-আগরতলা রেলওয়ে প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবিএস





