২০০৪ সালে চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চালানের মূল হোতা ছিলেন বেগম খালেদা জিয়া। কাজেই ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের যদি বিচার হয় তাহলে খালেদা জিয়ার কেন বিচার হবে না সংসদে এমন অভিযোগ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া এখন বলছেন,যারা অস্ত্র এনেছে তাদের শাস্তি হচ্ছে। এ অস্ত্র যদি উলফার হাতে পড়তো তাহলে আজ বাংলাদেশের কী হতো। এ অস্ত্র যে আমাদের বিরুদ্ধে ব্যবহার হতো না তার কী প্রমাণ ছিল। এ অস্ত্র আমদানির জবাব খালেদা জিয়াকে দিতে হবে।
শেখ সেলিম বলেন,এ অস্ত্র ধরা পড়ার পর সেনাকর্মকর্তা সাদেক রুমী খালেদা জিয়াকে জানানোর পর তিনি চুপ ছিলেন। তিনি তো সে সময় শুধু প্রধানমন্ত্রী ছিলেন না,এনএসআইও তার অধীনে ছিলেন।
তিনি আরো বলেন,যারা এ অস্ত্র আটক করে মহান দায়িত্ব পালন করেছে তাদের রাষ্ট্রীয় পুরস্কার দেয়া উচিৎ। তাহলে ভবিষ্যতে সবাই ভালভাবে দায়িত্ব পালন করবেন।
সেলিম বলেন,অস্ত্র চোরাচালানের ব্যাপারে তৎকালীন বিএনপি-জামায়াত ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) মহাপরিচালক জড়িত ছিল। অস্ত্র চোরাচালানে যদি তৎকালীন এনএসআই প্রধান জড়িত হয় তাহলে দেশের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়ায়।
খালাসকালে এ অস্ত্র ধরার অপরাধে দুই সার্জেন্টকে পরবর্তীতে চট্টগ্রাম থেকে ঢাকা এনে ২৭ মাস জেল খাটানো হয়। অমানুষিক অত্যাচারও করা হয়। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]