ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমদ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরকার থেকে কোনো কিছুই নেয়না। তাই কোনো কিছু না নিয়েও ভ্যাট আরোপ করার কোনো অধিকার সরকারের নেই।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘শিক্ষা ব্যবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতি, শিক্ষকদের ক্ষেত্রে বৈষম্য ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এই আলোচনা সভার আয়োজন করে।

ড. এমাজউদ্দিন আহমদ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার ১পয়সাও ব্যয় করে না। ব্যয় না করেও ভ্যাট আরোপ করার অধিকার কোথা থেকে এলো?-প্রশ্ন রাখেন তিনি।

তিনি বলেন, আমরা আমাদের জাতিকে যদি শিক্ষা দিতে পারি তাহলে আমাদেরকে আর ভাবতে হবে না। আমাদের ছেলে-মেয়েরা দেশকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, দেশের ছেলেরা বিদেশ যেয়ে পরিশ্রম করে টাকা উপার্জন করে দেশের অর্থনীতির চাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অথচ যখন ওই ছেলেগুলো বাহিরে যায় তাদের জন্য আমরা কিছুই করি না। আমাদের ছেলেরা যেখানেই যাচ্ছে সুনাম বয়ে আনছে।
আয়োজক সংগঠনের সভাপতি শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি হাজী মুহাম্মদ আবুল হোসেন প্রমূখ।

এমএ