পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং রমজানকে সামনে রেখে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।
আজ শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে নেতৃদ্বয় বলেন, মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমালাভের মাস। অশেষ রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহর নৈকট্যলাভ, শান্তি এবং ক্ষমালাভের অপূর্ব সুযোগ এনে দেয়।
তারা বলেন, সমগ্র মুসলিম উম্মাহ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রমজান মাস পালন করে থাকে। সিয়াম ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে থাকে।
নেতৃদ্বয় পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আরো বলেন, আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমালাভের মাস রমজান। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়।
তারা আশা প্রকাশ করেন সবাই রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাবেন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখবেন।
রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে প্রতিফলিত হোক - নেতৃদ্বয় এই কামনা করেন।
এমবি





