পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারীর শ্লীলতাহানিতে পুলিশের ভূমিকা অমার্জনীয় বলে মন্তব্য করেছেন আওয়মী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সুরঞ্জিত বলেন, আসামি ধরে হাতে ধরিয়ে দিল আর আপনারা তাদের ছেড়ে দিলেন। মিডিয়াতে বললেন নির্দেশনা নাই। এই অজুহাত সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও ভিত্তিহীন। এই ঘটনা যারা ঘটিয়েছে সে যেই হোক, যারাই হোক তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
এ ঘটনায় জাতি হিসেবে লজ্জিত জানিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে শুধু বক্তব্য, বিবৃতি দিয়ে বসে থাকলে হবে না। মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে। ব্যবস্থার বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতে হবে।
নিরব ভোটের মাধ্যমে জবাব দিতে হবে খালেদার এমন বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ভোট তো হয় প্রকাশ্যে ও উৎসবের মাধ্যমে। এটা নিরব হবে কেন? ভোট সব সময় স্বরবে ও প্রকাশ্যে হয়।
তিনি বলেন, মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে এটা নিরবে হবে কেন? আবার কি কোন ষড়যন্ত্র আছে? এই নিরব বিপ্লবের আহবানে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে।
তিনি আরো বলেন, একদিকে বাবা ছেলে এক সঙ্গে নির্বাচনে দাঁড়িয়েছে। মিরাক্কেল ঘটনার জন্ম দিয়েছে। অপর দিকে ৮ মামলার আসামিকে নিয়ে দাঁড় করিয়েছেন। সে ভোট করবে নাকি আদলতে যাবেন। অদ্ভুত এক পরিবেশে ভোট হচ্ছে।
নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি ডা. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সাম্যবাদি দলের নেতা হারুন চৌধুরী, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
এমআর/ এআর





