আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মাদ নাসিম বলেছেন, “বার্ধক্য জনিত কারণে কেউ মারা গেছে এটা নিয়ে আবার প্রতিক্রিয়া কি?”

শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলন করেন। সাংবাদিকরা জামায়াত নেতা গোলাম আযমের মৃত্যুর জন্য ১৪ দলের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ কথা বলেন।

গোলাম আযম মৃত্যুর আগে তার জানাজা পড়ানোর জন্য জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মাওলানা মতিউর রহমান নিজামী পড়াবেন বলে তিনি তার পরিবারের কাছে অসিয়ত করে গেছেন এ ব্যাপারে ১৪ দল কি মনে করে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, কারাবন্দি অবস্থায় অনেকে মারা গেছে। তবে কোন মানুষ মারা গেলে তার আত্মীয়-স্বজন প্যারোলে মুক্তি পায়। এ নিয়ে আর কি বলবো? এটা তো আদালতের ব্যাপার। তবে তার এ দাবির কোন যৌত্তিকতা নেই।

গোলাম আযমের লাশ বাংলাদেশে দাফন না করার দাবি জানিয়েছে কয়েকটি ছাত্র সংগঠন এ ব্যাপারে আপনাদের মতামত কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, “ তিনি সর্বোচ্চ আদালতের রায় মেনে কারাবাসে ছিলেন। এখন এর ব্যতিক্রম করার কোন সুযোগ নেই‌‌‌‌‌”।

এই সরকার বিদেশে গিয়ে শুধু ফটো সেশন করেছে, আন্তর্জাতিক বিশ্ব তাকে বৈধতা দেয় নি- গতকাল নীলফামারীতে এক জনসভায় খালেদা জিয়ার এমন ব্ক্তব্যের জবাবে নাসিম বলেন, খালেদা জিয়া তার অচল দলকে সচল করার লক্ষ্যে হতাশা থেকে নির্লজ্য মিথ্যাচার করে বেরাচ্ছে। যদি শেখ হাসিনাকে বিদেশীরা নির্বাচিত সরকার বলে বৈধতা না দিত, তাহলে তার সঙ্গে বিভিন্ন দেশের সরকার প্রধানরা বৈঠক করতেন না। এমনকি বিদেশী সরকারও বাংলাদেশ সফরে এসে চুক্তিতে আবদ্ধ হতেন না।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, আপনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তাই বলছি মিথ্যাচার না করে দায়িত্বশীল হন। দল গোছান। ২০১৯ সালে আবার নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহনের জন্য প্রস্তুতি নিন।

ইসলামী দলগুলোর ডাকা ২৬ অক্টোবরের হরতাল প্রসঙ্গে তিনি বলেন, একজন নেত্রীর আদালতে হাজির না হওয়ার জন্য, তার প্ররোচণায় হরতাল ডাকা হয়েছে। তিনি বিচারের মুখোমুখি হতে ভয় পান বলেই এই হরতাল।

এ সময় ১৪ দলের মুখপাত্র হরতালে নৈরাজ্যকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। এবং পাশাপাশি ১৪ দল মাঠে থাকবে বলেও ঘোষণা দেন।

তিনি আরও বলেন, আমরা ১৪ দল বিভিন্ন জেলায় সফরের ঘোষণা দিয়ে ছিলাম। তারই অংশ হিসেবে ১৪ দলের পক্ষ থেকে আগামী ২৫ নভেম্বর সিলেটে জনসভা করা হবে বলেও জানান তিনি।

এমআর/এসএইচ