সরকারি চাকুরিতে নিয়োগ এবং ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্যে করা প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সরকারি দলের এক সংসদ সদস্য। আওয়ামী লীগেরই এক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস শনিবার বিবিসির বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে এমন ইঙ্গিত দিয়েছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যে আওয়ামী লীগে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। আওয়ামী লীগের সংসদীয় দলের এক বৈঠকে এ নিয়ে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
শনিবার চাঁপাইনবাবগঞ্জে বিবিসির বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে একজন দর্শক প্রধানমন্ত্রীর উপদেষ্টার এই বিতর্কিত মন্তব্যের ব্যাপারে প্রশ্ন করেন। তিনি জানতে চান ছাত্রলীগ কর্মীদের চাকুরি দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা যে কথা বলেছেন, তার ফলে যারা ছাত্রলীগ করে না তারা কি সরকারি চাকুরি পাওয়ার ব্যাপারে হতাশ হয়ে পড়তে পারেন?
জবাবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, ‘এইচ টি ইমাম সাহেবের বক্তব্যের একটা প্রতিক্রিয়া শুধু আমাদের মধ্যেই নয়, সরকারের মধ্যেও হয়েছে।’ সরকার এই ব্যাপারে ব্যবস্থা নেবে বলে তিনি ইঙ্গিত দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেন এইচ টি ইমামের বক্তব্যে মেধাবীরা হতাশাগ্রস্ত হয়ে পড়বে। এ বক্তব্য প্রমাণ হয়েছে সরকারি চাকুরির ক্ষেত্রে মেধার মূল্যায়ন হবে না, তদবিরই অগ্রাধিকার পাবে। তবে সরকার এইচ টি ইমামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে সবাই খুশি হবে বলেও মন্তব্য করেন তিনি।
এএইচ





