২০ দলীয় জোটের হরতাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ কথা জানান।

ফলে দেশব্যাপী বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল ‍আরো ৪৮ ঘণ্টা বাড়লো। পূর্বঘোষিত ৭২ ঘণ্টার হরতাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা ছিল। এই নিয়ে টানা তিন সপ্তাহ ধরে শুক্র ও শনিবার সকারি ছুটির দিন বাদে সব কর্মদিবসেই হরতাল দিলো বিএনপির নেতৃ্ত্বাধীন জোট।

মঙ্গরবারের বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের রাষ্ট্রক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্তের নেশায় গোটা জাতি আজ চরম শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে নিপতিত। অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করার ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের চুড়ান্ত অপব্যবহারের এমন জঘন্য নজির মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।

বিবৃতিতে আওয়ামী ষড়যন্ত্রের অংশ হিসেবে নিজেদের সমাবেশে নিজেরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে তার দায় বিএনপি ও ২০ দলীয় জোটের ওপর চাপানোর অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, অবৈধ শাসকশ্রেণী হয়ত অনুধাবন করতে পারছে না-চলমান গণআন্দোলন গ্রাম-বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। বিএনপিসহ ২০ দলীয় জোটের প্রত্যেক নেতা-কর্মী আজ খালেদা জিয়ার চুড়ান্ত ত্যাগ স্বীকারের বার্তা পৌঁছে দিয়েছে কৃষাণীর উঠোন থেকে শুরু করে রাজধানীর গলিপথ পর্যন্ত।

সরকারকে সতর্ক করে সালাহউদ্দিন বলেন, জিয়ার দল বিএনপি কোন ভুঁইফোড় সংগঠন নয়, তাকে আক্রান্ত করার নাটক অবিলম্বে বন্ধ করা না হলে বিএনপি’র সারাদেশের নেতা-কর্মীরা কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় থাকবে না।

তিনি বলেন, রাষ্ট্রীয় নৈরাজ্যের প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের চুড়ান্ত পর্যায়ে জনগণ তাদের ব্যালটের অধিকার আদায় করবেই। জাগ্রত জনতার গণতন্ত্র মুক্তির নিরন্তর সংগ্রাম বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এমএইচ/ইআর/কেবি