সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের প্রতি জনগণের ব্যাপক সমর্থন দেখে সরকার দিশেহারা হয়ে প্রার্থীদের প্রচারণায় পুলিশ দিয়ে হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।
বৃহষ্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করে বলেন, প্রতিনিয়ত জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের বাড়ি বাড়ি পুলিশী তল্লাশী চালানো হচ্ছে। প্রচারকর্মীদের আটক করা হচ্ছে। মাইক কেড়ে নেয়া হচ্ছে। প্রচারকর্মীদের উপর পুলিশ ও সরকারীদলের সন্ত্রাসীরা একযোগে হামলা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, আশকোনা হাজিক্যাম্পে রাজধানীর বিভিন্ন মসজিদের ইমামদের মাসিক সমন্ময়সভায় সরকারীদলের প্রার্থীদের পক্ষে নিজ নিজ মসজিদে ভোট চাইতে বাধ্য করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, প্রতিদিনই জামায়াত সমর্থিত প্রার্থীদের পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে, প্রচার মাইক কেড়ে নেয়া হচ্ছে, কাউন্সিলর ও কর্মীদের উপর হামলা করা হচ্ছে।
জামায়াত নেতা বলেন, নির্বাচনের পরিবেশ আতঙ্কমুক্ত রাখতেই মেজিস্ট্রিসি পাওয়ারসহ সেনা মোতায়েন করতে হবে। কিন্তু এ বিষয় নিয়েও নির্বাচন কমিশন নতুন তামাশা করছে। সেনাবাহিনী তো সবসময়ই সেনানিবাসেই থাকে।
ইআর





