জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকার ডেঙ্গু মোকাবেলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

আজ শনিবার কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী কলেজ মাঠে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর তার ছোট ভাই জিএম কাদের পার্টির চেয়ারম্যান হিসেবে এই প্রথম কুড়িগ্রাম সফর করেন। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দু’দিন আগে থেকেই বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে আনন্দ মিছিল ও ব্যাপক প্রচার প্রচারণা চালায়। ফলে ঝিমিয়ে পড়া জাতীয় পার্টি যেন নতুন প্রাণ ফিরে পায়।

ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, আমি দেখি ঢাকার মানুষ আতঙ্কিত। মশা দেখলেই ভয় পাচ্ছে।

কারণ জার হলে ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গু হলে মানুষ মারা যাচ্ছে। এই আতঙ্কিত মানুষকে রক্ষার দায়িত্ব সরকারের। আমরা অসহায় হয়ে থাকবো আর প্রতিদিন ডেঙ্গু বাড়বে, কিছুই করতে পারবো না, এটা হতে পারে না। এই মহামারী অবস্থা ঠেকাতে সরকার পুরোপুরি ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল, জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি মোস্তাফিজুর রহমান মোস্তাক, কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত মেজর (অব.) আসাফ উদ দৌলা প্রমুখ।

এমআর