জাতীয় একাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ঐক্যফ্রন্টের ইশতেহারে জাতির আশা-আকাঙ্ক্ষার কিছুই নেই।

তারা চাকরির ক্ষেত্রে কোনো বয়সসীমা রাখেননি। এতে বেকারত্ব নিয়ে জটিলতা সৃষ্টি হবে। এটি একটি বিভ্রান্তিকর ইশতেহার। জাতি এ ইশতেহার প্রত্যাখ্যান করেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয় মাঠে রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ সেলিম আরও বলেন, ড. কামাল হোসেন জঙ্গি, সন্ত্রাসী, খুনি, দুর্নীতিবাজ ও আগুন সন্ত্রাসীদের সঙ্গে ষড়যন্ত্রের ফ্রন্ট করে দেশকে ধ্বংসের ছক করছেন।

তারা ক্ষমতায় আসলে দেশ আবার মঙ্গা, ক্ষুধা ও দারিদ্র্যের কবলে পড়বে। দেশে গুম, খুন, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতি বেড়ে যাবে। গণতান্ত্রিক আগ্রযাত্রা, আইনের শাসন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।

রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শ্রীবাস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় যুবলীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিৎ কুমার গামা, কাজী মনোয়ার হোসেন মন্টু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, আওয়ামী লীগ নেতা নওয়াব আলী মোল্লা, কমলাখী বিশ্বাস, সরোজ কান্তি বিশ্বাস খোকনসহ আরও অনেকে বক্তব্য দেন।

মুহিব