বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এ সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে। ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন নয়। খালেদা জিয়া ঈদের পর আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা অবশ্যই দেশের মানুষ প্রতিহত করবে। তার আন্দোলনের অস্ত্র ভোঁতা হয়ে গেছে।
ঈদ উপলক্ষে রোববার ভোলা সদরে ধনিয়া, রাজাপুর, পশ্চিম ও পূর্ব ইলিশা ইউনিয়নের দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দেশের অর্থনৈতিক অবস্থা এখন অনেক ভালো- উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। এ সরকার দারিদ্র্য মোচন করে দেশের মানুষের মুখে হাসি ফোটাবে। যে সরকার দেশের জন্য এত ভালো কাজ করছে সে সরকারের বিরুদ্ধে আন্দোলনে তারা সফল হবে না।’
বাণিজ্যমন্ত্রী সকাল থেকে দুপুর পর্যন্ত চারটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ১০ হাজার দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নকিব এবং ভাইস চেয়ারম্যান মো. ইউনুস।
ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





