বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আজ দুপুরে বর্তমান সরকার প্রধান একটি সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরে নানা প্রসঙ্গে উত্তর দিতে যেয়ে বিএনপি চেয়ারপার্সনকে জড়িয়ে যে মন্তব্য করেছেন, তা খুবই অরুচিকর। আমরা প্রধানমন্ত্রীর মন্তব্য’র তীব্র নিন্দা করছি।

রবিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে বলেন, আপনি যখন নিউ ইয়র্কে, ঠিক একই সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে। সেখানে একটি অনুষ্ঠানে খালেদা জিয়া আওয়ামী লীগের কিছু সংখ্যক দেশপ্রেমিককে নিয়ে সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে হাসতে হাসতে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে যদি খালেদা জিয়া প্রেমিক খুঁজে পান তাহলে ফালুর কী হবে?’

শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে রিপন বলেন, সরকার প্রধান দেশের অন্যতম একটি বৃহৎ রাজনৈতিক দলেরও প্রধান। তার কাছ থেকে নতুন প্রজন্ম-তরুণ-যুব সম্প্রদায় থেকে শুরু করে দেশের আপামর মানুষ রুচিবোধ সম্পন্ন দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করেন।

কিন্তু তিনি যখন দেশের অপর আরেকটি বিরোধী দলের প্রধান-যিনি দেশের তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন-তার সম্পর্কে অরুচিকর মন্তব্য করেন-তখন সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি -রুচি নিয়ে মানুষ শুধু হতাশই হননা দু:খও পান।

তিনি বলেন, একজন শীর্ষ পর্যায়ের রাজনীতিক হিসেবে তার কাছ থেকে মানুষ অপরাপর শীর্ষ রাজনীতিকদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য শুনতে লজ্জিত হন। এতে করে রাজনীতি-রাজনৈতিক নেতৃত্বই লজ্জিত হয়। এই অপরাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে সংকটের মধ্যে ফেলে দেবে।

কাউকে অপমান করে, কারোর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করে কেউ কখনো বড় হতে পারে বলে আমরা মনে করিনা। শাসকদলীয় প্রধানের এধরণের বক্তব্য’র আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এমএইচ