সুলতানা কামাল এবং ড. ইফতেখারুজ্জামান গং  দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ এমপি।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে সামরিক বাহিনীর বিরুদ্ধে এনজিও চক্রান্তের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, সামরিক বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র মানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। এরজন্য তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে হবে। তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্যথায় এই গং-রা জনরোষের শিকার হলে তার দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।

বিএনএফ নেত্রী মাহজাবিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনএফ-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. শফিউল্লাহ চৌধুরী, সেচ্ছাসেবক ফ্রন্ট নেতা মীর রফিকুল ইসলাম আরজু, শ্রমিক ফ্রন্ট নেতা আতিকুর রহমান নাজিম প্রমুখ। সমাবেশ শেষে এক প্রতিবাদ মিছিল করে সংগঠনটি।

সম্প্রতি সেনাবাহিনীকে সরকার কর্তৃক জমি বরাদ্ধ দেওয়ার সিদ্ধান্তের বিরেুদ্ধে সংবাদ সম্মেলন করে ৮টি এনজিও প্রতিষ্ঠান। সেখানে সেনা স্থাপনার জন্য জমি না দেওয়ার পক্ষে মতামত তুলে ধরেন সুলতানা কামাল এবং ড. ইফতেখারুজ্জামান।

জেআই