বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সাবেক যোগাযোগ মন্ত্রী ও জাতীয় জোট বিএনএফ এর চেয়ারম্যান ব্যারিষ্টার নাজমূল হুদা বলেছেন, ১৫ আগস্ট আপনি জন্মগ্রহণ করতে পারেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি জাতীয় শোক দিবসের দিন কেক কাটতে পারেন না। কেক না কেটে শোক প্রকাশ করুন।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সমাবেশ ও র‌্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়াকে অন্য যে কোনো দিন কেক কাটার ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে নাজমুল হুদা বলেন, জাতীয় স্বার্থে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে অংশগ্রহণ করুন।

তিনি বলেন, এটা জাতির জন্য দুঃখজনক বিষয়। জাতীয় শোক দিবসে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না।

বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয় বিশ্ব নেতা ছিলেন মন্তব্য করে বলেন, এই দিনে বাংলাদেশের মানুষকে দলমত নির্বিশেষে শোক দিবস পালন করতে হবে। অথচ দুঃখজনক হলেও সত্য কথা বাংলাদেশে বর্তমানে গুরুত্বপূর্ণ দিবসগুলোকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আপনি ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে সরকারি ছুটির ঘোষণা দিন। এই দু'টি ঘোষণা আসলে জাতির বিভেদ অনেকটাই দূর হবে।

জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সাবেক এমপি তালুকদার মো.ইউনুস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, ন্যাপ ভাসানীর সভাপতি মোসতাক ভাসানী প্রমুখ।

এমএ/কেএইচ