এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক চক্রান্তের কারণে ট্যানারিশিল্প এখন ধ্বংসের মুখে।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে নাশনালিস্ট রিসার্চ সেন্টার-এনআরসি আয়োজিত ‘আমার দেশ আমার শিল্প’শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন প্রকৌশলী টি এস আইয়ুব।
বিএনপির মহাসচিব বলেন, অত্যন্ত সুকৌশলে চামড়া শিল্পকে ধ্বংস করে দিচ্ছে সরকার। ট্যানারি স্থানান্তরে সরকারের সদিচ্ছা দেখা যায়নি। ফলে এই শিল্প মুখ থুবড়ে পড়েছে। এই সরকারকে দিয়ে কিছু হবে না। বর্তমান সরকার লুটেরা সরকার। লুটেরাদের সরকার।
তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে পোশাক শিল্পের একটা বিপ্লব ঘটেছিলো। কিন্তু ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত যে আওয়ামী লীগের সরকার ছিল তাদের তথাকথিত সমাজতন্ত্রের মূলনীতি ছিল পুরোপুরি একটা লুটপাট এবং দলীয় লোকেরা শিল্পগুলোকে জাতীয়করণ করে পুরোপুরি ভাবে তাদের জায়গা করে নিয়েছিলো। সে সময় আমরা দেখেছি শিল্পের উন্নয়ন তো হয়নি বরং নিচের দিকে গেছে।
মির্জা ফখরুল বলেন, দেশকে বাঁচাতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। দেশকে বাঁচাতে হলে দেশপ্রেমিককে ফিরিয়ে আনতে হবে (খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে)। আর জনগণের ম্যান্ডেট নেয়া সরকার অর্থাৎ নির্বাচন করে জনগণের পছন্দ করা প্রতিনিধিকে নির্বাচন করতে হবে। এজন্য সম্পূর্ণ নিরপেক্ষ সরকার দিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য সর্বপ্রথম ইলেকশন কমিশনকে ভেঙে দিতে হবে। আর সেজন্য প্রথম জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, বর্গিদের মতো করে সরকারের লোকেরা দেশের সম্পদ সব মেগা প্রজেক্টের মাধ্যমে লুট করে নিয়ে যাচ্ছে।
এমআর





