মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠনো এক শোকবাণীতে এ তথ্য জানানো হয়।
শোকবাণীতে তারা বলেন, মাওলানা ইউসুফ ছিলেন  জামায়াতে ইসলামীর অন্যতম প্রতিষ্ঠাতা। তার ইন্তেকালে দেশ একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও জাতীয় নেতাকে হারালো। তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত নিষ্ঠাবান, দূরদৃষ্টি সম্পন্ন সংগঠক ও জাতীয় নেতা ছিলেন। গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
শোকবাণীতে আরও বলা হয়, বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে এ বৃদ্ধ বয়সে কারাভ্যন্তরে কষ্টকর জীবন যাপন করতে হয়েছে। তার অসুস্থতা, বার্ধক্য ও শারিরীক অবস্থার কথা তুলে ধরে তার জন্য একাধিকবার জামিনের আবেদন জানানো হয়। তার ইন্তেকালের পর পরিবারের পক্ষ থেকে পোস্টমোর্টেম ছাড়াই তার লাশ হস্তান্তরের আবেদন জানানো হয়। কিন্তু পরিবারের সর্বশেষ এই মানবিক আবেদন টুকুও গ্রহণ করা হয়নি। এ ভূমিকায় আমরা মর্মাহত। তার ইন্তেকালে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। মরহুম একজন সুবক্তা, সুলেখক ও সংগঠক ছিলেন। আল্লাহ তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
শোকবাণীতে ভারপ্রাপ্ত আমীর ও সেক্রেটারী বলেন,  মরহুম মাওলানা ইউসুফের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]