মিশরের মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা বাদিইসহ ১৮৩ জন নেতা-কর্মীকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ দেয়ার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার এক বিবৃতিতে এ নিন্দা জানান জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।

জামায়াতের আমীর বলেন, মিশরের সামরিক জান্তা মিশরের সবচাইতে জনপ্রিয় দল মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতাসহ নেতা-কর্মীদের মৃত্যুদণ্ড দিয়ে মুসলিম ব্রাদারহুডকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র করছে। মিশরের জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত অবৈধ সামরিক সরকার মিশরের রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র শুরু করেছে তারই অংশ হিসেবে ব্রাদারহুডের শীর্ষ নেতা বাদিইসহ ১৮৩ জনকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

মানবতাবিরোধী এই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য সারা বিশ্বের সকল শান্তিকামী জনগণ, জাতিসংঘ এবং ওআইসিসহ সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানান জামায়াতের আমীর।

বিবৃতিতে মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা বাদিইসহ ১৮৩ জন নেতা-কর্মীর মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে তাদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য মিশর সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমীর।

ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ