স্বাধীনতার ইশতেহার পাঠকারী, বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) এশার নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে শাজাহান সিরাজের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপরই তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে।

রাত পৌনে ১০টায় তাঁকে দাফন করা হয়।

শাজাহান সিরাজের তৃতীয় জানাজায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও জাতীয় ঐক্যফ্রন্টের সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন, তাবিথ আউয়াল, আইনজীবী নেতা অ্যাডভোকেট খোরশেদ আলম, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ অংশ নেন।

গত মঙ্গলবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান সিরাজ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

শাহজাহান সিরাজ বিএনপির সময়কার বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন এবং দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। শাহজাহান সিরাজ ১৯৪৩ সালের ১ লা মার্চ টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন।

জনপ্রিয় রাজনীতিবিদ শাজাহান সিরাজ জাসদ ও বিএনপির প্রার্থী হয়ে ১৯৭৯, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে পাঁচবার টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। 

এমবি