জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও গেণ্ডারিয়া থানা আমির এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ড. আব্দুল জব্বারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ (শুক্রবার) ঢাকা মহানগরী দক্ষিণের আমির (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন এই শোক প্রকাশ করেন। সংগঠনটির মহানগরী দক্ষিণের প্রচার সহকারী এম আলাউদ্দিন আরমান স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এই তথ্য জানানো হয়।
শোক বার্তায় মরহুম ড. আব্দুল জব্বারের ইসলামী আন্দোলন ও সমাজ সেবায় অসামান্য অবদানের কথা স্মরণ করেন ড. হেলাল। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ড. হেলাল বলেন, “আল্লাহ যেন তাঁর নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাঁর পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দেন।”
মরহুম ড. আব্দুল জব্বারের পিতা: মরহুম শরীয়াতুল্লাহ মোল্লা, (বৃহস্পতিবার) (১১ জানুয়ারি) দিবাগত ভোর ৪ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী গেণ্ডারিয়ার বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোক বার্তায় বলা হয়, “মরহুম ড. আব্দুল জব্বার ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। ইসলামের প্রচার ও প্রসারে একজন নিবেদিত প্রাণ হিসেবে ভূমিকা পালন করেছেন। তিনি জামায়াতে ইসলামীর গেণ্ডারিয়া থানা শাখার আমির ও ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ছিলেন। আব্দুল জব্বার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ছিলেন। তিনি কর্মজীবনে আধুনিক প্রকাশনীতে কর্মরত ছিলেন।”
বার্তায় আরও জানান হয়, “মরহুমের প্রথম জানাজার নামাজ আজ (শুক্রবার) সকাল ৭:৩০ মিনিটে গেণ্ডারিয়ায় অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী। জানাজায় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণের আমীর (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মোকাররম হোসাইন, ফরিদ হোসাইন, মজলিশে শুরা সদস্য আ.জ.ম রুহুল কুদ্দুস, আদর্শ শিক্ষক পরিষদ ফেডারেশন এর সেক্রেটারি জেনারেল ঢাবির সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করিম, জয়নাল আবেদিন, ডা. নজরুল ইসলাম প্রমূখ’সহ সর্বস্তরের ছাত্র জনতা।
মরহুমের ২য় জানাজা তার স্থায়ী ঠিকানা যশোর সদর উপজেলার রূপদিয়া সাকারিগাতী গ্রামে বাদ আসর অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে- ইনশাআল্লাহ।”
এমবি





