‘দেশের ৯৫ ভাগ মানুষ বিএনপির সঙ্গে রযেছে’ গতকাল (সোমবার) খালেদা জিয়ার এমন দাবির জবাবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া মানসিকভাবে সুস্থ নয়, বলেই এমন দাবি করছেন।দেশের ৯৫ ভাগ মানুষ নয়, ৯৫ ভাগ নৈরাজ্যকারী, অগ্নিসংযোগকারী, জঙ্গিবাদী এবং বোমাবাজ বিএনপির সঙ্গে রয়েছে।
মঙ্গলাবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ দেশরত্ম পরিষদ আয়োজিত ‘খালেদা জিয়ার সংলাপ: অর্বাচিন বালকের প্রলাপ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, জঙ্গিদের সঙ্গ ত্যাগ করলে বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে। তবে নির্বাচন নিয়ে নয়, দেশের অন্য কোনো জাতীয় ইস্যু নিয়ে সংলাপ হতে পারে।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে জঙ্গিবাদ এবং সন্ত্রাসীদের সঙ্গে সংলাপে বসতে পারে না। যদি তারা ধ্বংসাত্বক কার্যকলাপ পরিহার এবং জঙ্গিদের ত্যাগ করে তাহলেই কেবল অন্যান্য জাতীয় বিষয় নিয়ে তাদের সঙ্গে সংলাপ হতে পারে।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী ২০১৯ সালে নির্বাচন হবে। ওই সময়েও অন্তবর্তী সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অধীনেই নির্বাচন হবে।
সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিৎ রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
ঢাকা, এমআর, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ