পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ঢাকাবাসীসহ দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আরিম নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এই শুভেচ্ছা জানান।  

পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে আজ (০৪ জুন) এক শুভেচ্ছা বাণীতে জামায়াত নেতৃদ্বয় বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে প্রতিটি মুসলিমের সামনে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর সমাগত। ঈদুল ফিতর মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ভাতৃত্বের বন্ধন এ ঐক্য প্রতিষ্ঠা করতে প্রেরণা যোগায়। সেই সাথে জাতীয় জীবনেও দল মতের উর্ধ্বে উঠে সকল বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের অনুপ্রেরণা দেয়।”

মাহে রমজানের সিয়াম ও ঈদুল ফিতর আমাদেরকে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে উদ্বুদ্ধ করে। ফলে নেতৃবৃন্দ ঈদুল ফিতরের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান।  

শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় আরও বলেন, “ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচিত এই অগণতান্ত্রিক সরকারের দুর্নীতি ও জনগণের উপর দায়বদ্ধতার অভাবে বর্তমানে দেশের মানুষের নাভিঃশ্বাস উঠে যাচ্ছে। সরকারের অব্যবস্থাপনার ফলে ঈদে ঘরমুখো যাত্রীদের পথে পথে নানাভাবে হয়রানি তাদের ঈদের আনন্দকে ম্লান করে দিচ্ছে। তারা গণতান্ত্রিক মুল্যবোধকে ধ্বংস করে বিরোধী নেতা-কর্মীদের কারাগারে বন্দী রেখে দেশে ফ্যাসীবাদের রাজত্ব কায়েম করেছে। তারা দেশের জণগণকে জিম্মি করে তাদের মানবিক ও মৌলিক অধিকার হরণ করেছে। ফলে জাতীয় জীবনে ঈদকে অর্থবহ করতে ফ্যাসিবাদের হাত থেকে জনগণের মুক্তির কোন বিকল্প নেই।”

নেতৃদ্বয় অবিলম্বে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি দূর করতে ও বিরোধী নেতা-কর্মীদের মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান। সেইসাথে জনগণকে নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।   

ঈদের শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় রাজধানী ঢাকাবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং সকল ভেদাভেদ ও অহংবোধ ভুলে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান। 

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারি মুহাম্মাদ আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এইসব তথ্য জানানো হয়।

এমবি