নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী আওয়ামী লীগ সরকারের গুম-খুনের রক্তাক্ত সাক্ষী দিচ্ছে বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, দেশে কারবালা হলেও আন্দোলন করে এ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা হবে।

শনিবার বিকালে নারায়ণগঞ্জের কাঁচপুরের বালুর মাঠে জেলা ২০ দল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের প্রহসনের বিচারের মাধ্যমে বিচার ব্যবস্থাকে দেশে বিদেশে কলঙ্কিত করেছে সরকার। মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ জামায়াত নেতৃবৃন্দকে প্রহসনের বিচারের মাধ্যমে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ জালেম সরকার যুগ যুগ ধরে ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে।
তেল-গ্যাসের মূল্য বৃদ্ধি করা এ ভূয়া সরকারের অধিকার নেই জানিয়ে তিনি বলেন, তারা বিনা ভোটে ক্ষমতায় বসে আছে, তাদের অধিকার নেই দেশের এ প্রাকৃতিক সম্পদের মূল্য বৃদ্ধি করার।
ইসলামের হেফাজত, ন্যায় বিচার ও শান্তির কথা বলে ক্ষমতায় এসে তারা (আওয়ামী লীগ) সম্পূর্ণ বিপরীত কাজ করছে বলেও দাবী করেন জামায়াতের এই নেতা।
এ সময় তিনি জামায়াত-শিবিরসহ কারাগারে আটক সকল রাজনৈতিক নেতাদের মুক্তি দাবি করেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, লে. জেনারেল (অব:) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

আরও বক্তব্য রাখেন ২০ দলের অন্যতম শরীক এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম (অব.) বীরবিক্রম, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মুবিন, খেলাফত মজলিশের সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসহাক প্রমুখ।

এমএইচ