গণতান্ত্রিক সরকার না থাকায় বাংলাদেশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, ‘বাংলাদেশ এখন অপরাধীদের স্বর্গরাজ্য। এ দেশে এখন কারও জীবনের নিরাপত্তা নেই। আইনশৃংখলা বাহিনী ও সন্ত্রাসীদের হাতে মানুষ মরছে। বিনা বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। পুরো দেশটাই যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।’
আন্তর্জাতিক মানবতা দিবস উপলক্ষে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
এদিকে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০১২ সালের কোরিয়ান ভিসা প্রাপ্তির পরীক্ষায় উত্তীর্ণদের ভিসার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, ‘ভোটের অধিকার, কথা বলার অধিকার, ভাতের অধিকার- ক্রমশ মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মানুষ এখন কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।’
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘২০১২ সালের পরীক্ষায় উত্তীর্ণ হলেও প্রায় ১ হাজার ৬৬০ জনকে কোরিয়ান ভিসা দেওয়া হচ্ছে না। কেন এ সব করা হচ্ছে তার জবাবও দেওয়া হচ্ছে না। নিশ্চয়ই এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে।’
মানববন্ধনে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অনশনের হুমকি দিয়েছেন ভুক্তভোগীরা। ২০১২ সালের উত্তীর্ণদের ভিসা দেওয়া না হলেও ২০১৩ সালের উত্তীর্ণদের ভিসা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





