বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, ‘এদেশের অর্জন আর ত্যাগের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগের নেতৃত্বেই দেশ অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে।’

মঙ্গলবার আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আন্দোলন- সংগ্রামে আওয়ামী লীগের দীর্ঘ ৬৬ বছরের অর্জনের কথা তুলে ধরে সৈয়দ আশরাফ বলেন, ‘দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। অনেক রাজনৈতিক দল আছে- অনেক অনেক বার রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে। কিন্তু কম রাজনৈতিক দলই ঠিকমত দেশ পরিচালনা করেছে। আগামী প্রজন্মের প্রতি আমাদের আশা রয়েছে, তারা এ দলকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবে।’

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘৬৫ বছরের ইতিহাসে আওয়ামী লীগ বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুথান, সত্তরের নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বলিষ্ঠ নেতৃত্ব দেয়। এই অর্জনের ওপর ভিত্তি করেই বাংলাদেশ গঠিত হয়েছে।’

জেআই