ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে এস এম জাহাঙ্গীর হোসেন এবং সিরাজগঞ্জ-১ আসনে মো: সেলিম রেজাকে মনোনয়ন দিয়েছে জাতীয়তাবাদী দল-বিএনপি।
শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই প্রার্থীর নাম ঘোষণা করেন।
এস এম জাহাঙ্গীর হোসেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং সেলিম রেজা কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি।
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর। গত ২৮ সেপ্টেম্বর এই ২টি আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ১২ নভেম্বর।
গত ০১ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মাদ নাসিমের মৃত্যুর মধ্যে দিয়ে সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়। এরপর গত ০৯ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুর মধ্য দিয়ে ঢাকা-১৮ আসনটি শূন্য হয়।
এরপর আওয়ামী লীগ সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়কে এবং ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব হাসানকে প্রার্থী করে।
এমবি





