গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম। তাকে অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আজ (১৪ অক্টোবর) সন্ধ্যায় পারিবারিক সূত্রে জানা গেছে, তরিকুল ইসলামের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো।

তার ছেলে অনিন্দ্য ইসলাম অমিত জানান, বাবাকে অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন আইসিইউতে আছেন। অমিত তার বাবার জন্য দলের নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে তার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন বলে জানান তিনি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল অ্যাপেলো হাসপাতালে তরিকুল ইসলামকে দেখে গেছেন।

দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সকালে সংবাদ সম্মেলনে জানান, বর্ষিয়ান নেতা দলের স্থায়ী কমিটির সদস্য কিডনি জটিলতাসহ নানা দুরাগ্যে রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। সরকার তাকেও কয়েকটি গায়েবী মামলায় আসামী করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ৪ দলীয় জোট সরকারের তথ্য ও পরিবেশ মন্ত্রী ছিলেন। তিনি স্থায়ী কমিটির আগে দলের সহ-সভাপতিসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী কৃতি ছাত্র তরিকুল ইসলাম ছাত্র জীবনের বাম প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন। মওলানা ভাসানীর অনুসারী হিসেবে পরিচিত এই নেতা জিয়াউর রহমানের সময়ে বিএনপিতে যোগ দেন।   

এমবি