বিএনপির সদ্য ঘোষিত নতুন কমিটির সহ প্রচার সম্পাদক পদ থেকে নিজের নাম প্রত্যাহার চেয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বরারব চিঠি দিয়েছেন আগের কমিটির সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম।

শনিবার সন্ধ্যায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চিঠি পাঠিয়ে তিনি তার নাম প্রত্যাহার চেয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন, আমি আগের কমিটিতে দলের সহ দফতর সম্পাদক ছিলাম। বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে লড়াই করেছি। সরকারের পুলিশ বাহিনীর দ্বারা নিপীড়িত হয়েছি। দীর্ঘদিন কারাগারে জেল খেটেছি। আগের কমিটিতে এক নম্বর সহ দফতর সম্পাদক ছিলাম। নতুন কমিটিতে তার চেয়ে নিচের পদ সহ প্রচার সম্পাদক। এখন আমাকে তিন নাম্বার সহ প্রচার সম্পাদক করা হয়েছে। এর মাধ্যমে আমার প্রতি চরম সাংগঠনিক অবিচার করা হয়েছে। তিনি কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার চেয়ে চিঠি দিয়েছেন বলে জানান।

তিনি আরো বলেন, ১ নম্বর সহ-প্রচার সম্পাদক করা হয়েছে ছাত্রদলের সাবেক নেতা আমিরুল ইসলামকে, তিনি আমার কনিষ্ঠ। তাই আমি মহাসচিব বরাবর চিঠি দিয়ে কমিটি থেকে নাম প্রত্যাহার চেয়েছি।

এদিকে নতুন ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী শারীরিক সমস্যাজনিত কারণে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তিনি বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন আছেন। কমিটি ঘোষণার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বিএনপির কমিটি থেকে পদত্যাগ করেছেন।

এ সংক্রান্ত একটি চিঠি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম বলেন, তিনি মোসাদ্দেক আলীর মালিকানাধীন এনটিভির মাধ্যমে খবরটি জেনেছেন। তবে পদত্যাগের কোনো কাগজ দফতরে পাননি।

বিএনপির নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যানের পদ পান মোসাদ্দেক আলী ফালু।

উল্লেখ্য, প্রায় সাড়ে চার মাস পর শনিবার দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

এমবি