গত পহেলা বৈশাখ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যুবতী ও মহিলাদের ওপর উচ্ছৃঙ্খল বখাটে যুবকদের নগ্ন হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

আজ বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে তিনি একথা জানান।

তিনি বলেন, এ লজ্জাজনক ঘটনা বাংলাদেশের মুসলিম ঐতিহ্যের ওপর এক নির্মম আঘাত। হাজার হাজার মানুষের সামনে পুলিশের উপস্থিতিতে এ ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক।

এই ঘটনার সাথে জড়িত উচ্ছৃঙ্খল বখাটে যুবকদের ছাত্রজনতা পাকরাও করে পুলিশের হাতে তুলে দেয়ার পর পুলিশ তাদের ছেড়ে দিয়েছে। পুলিশের এ ঘটনায় প্রমাণিত হয় যে, এই কলঙ্কজনক ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তরা সরকারী দলের লোক।

দেশের জনগণ এ সব উচ্ছৃঙ্খল এবং সন্ত্রাসীদের পরিচয় জানে। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সরকার তাদের দলীয় মদদপুষ্টদের এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানোর সুযোগ করে দিয়ে বাংলাদেশের মুসলিম পরিচয় ও সংস্কৃতির ওপর এক নির্মম আঘাত হেনেছে।

এ লজ্জাজনক ঘটনার আমি তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাই। এ ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এসএইচ