রাজধানীর পল্লবী থানা যুবদলের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর যুবদলের (উত্তর) যুগ্ম সহ-সম্পাদক নূর আলমকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তার স্ত্রী রীনা আলম।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ছোট মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ হস্তক্ষেপ কামনা করেন তিনি।

রীনা আলম বলেন, ‘সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতিতে গ্রেফতার এড়াতে নূর আলম পরিবারের সব সদস্য নিয়ে তার ভাইয়ের জয়দেবপুরের বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকেই ৭-৮ জনের একটি অস্ত্রধারী দল ১২ ফেব্রুয়ারি রাত পৌনে ১টার দিকে তাকে উঠিয়ে নিয়ে যায়। তারা বাসার সব মোবাইল সেটও নিয়ে যায়।’

তিনি বলেন, ‘অস্ত্রধারীদের জিজ্ঞাসা করলে তারা লোকাল থানায় খোঁজ নিতে বলে। কিন্তু থানায় ও হাসপাতালে খোঁজ নিয়েও আমরা তার দেখা পাইনি।’

নূর আলম পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী দাবি করে রীনা আলম বলেন, ‘পুলিশসহ দলীয় অনেক নেতার কাছে গিয়েও নূর আলমের কোনো খোঁজ পাইনি। তাই সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে আমাদের অভিভাবক প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি অপহরণ মামলা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সময় নিখোঁজ নূর আলমের ছোট ছেলে রাহুল আলম, পুত্রবধূ সাথী আক্তারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

জেআই