বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, বাজারে পেঁয়াজের দাম ১০ টাকা কমেছে। টিসিবি থেকে আমাকে তেমনই রিপোর্ট দিয়েছে। বিষয়টি মনিটরিংয়ের জন্য মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
আজ সোমবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেটের সাক্ষাত করেন। সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ১০ থেকে ১৫ তারিখে মিশর থেকে ৫০ হাজার টনের বড় চালান আসলে দাম কমবে। ৯ হাজার টন পেঁয়াজ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে ভারতের বেঙ্গালুরু থেকে। পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমরা তাদের অনুরোধ জানিয়েছি।
টিপু মুনশি জানান, এস আলম গ্রুপ, সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপ ১০ থেকে ১২ হাজার টন পেঁয়াজ আমদানি করবে। তা ইতোমধ্যে জাহাজে উঠে গেছে, যেকোনো সময় তা দেশে পৌঁছে যাবে। গতকাল মিয়ানমার থেকে ১ হাজার টন পেঁয়াজ এসেছে। মিয়ানমারই আমাদের সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছেন।
তিনি আরও বলেন, আমাদের তিন থেকে চার হাজার টন পেঁয়াজ দেশে ঢোকা দরকার, আমাদের দৈনিক চাহিদা ৬ হাজার টন পেঁয়াজ। সব পেঁয়াজ তো বাইরে থাকে আসবে না, কিছু পেঁয়াজের উৎপাদন আমাদের রয়েছে।
এমআর





