‘শত প্রতিকূলতার মধ্যে ৫ জানুয়ারির নির্বাচন হয়েছিল বলেই দেশের গণতন্ত্রের ভিত মজবুত হয়েছে’ বলে দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।
দশম সংসদের পঞ্চম অধিবেশনে বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা এ দাবি করেন।
রওশন এরশাদ বলেন, ‘হরতাল-অবরোধ দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করলেও দেশ এগিয়ে যাচ্ছে। তারপরও আমরা সকলে একত্রে বসে দেশের সমস্যাগুলো কেন সমাধান করতে পারছি না— সেটাই আজ বড় প্রশ্ন।’
তিনি বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের ভিত মজবুত হয়েছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সারাবিশ্ব মন্দায় ভুগলেও আমাদের দেশকে সেই মন্দা স্পর্শ করতে পারেনি, তার প্রধান কারণ আমাদের শ্রমিকদের পাঠানো বিপুল পরিমাণ রেমিট্যান্স।’
রওশন এরশাদ বলেন, ‘বন্ধু বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অবশ্যই আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও শক্তিশালী করতে হবে।’
অবিলম্বে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে— এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘যেভাবে খরস্রোতা সব নদীর পানি শুকিয়ে যাচ্ছে, তাতে পদ্মা সেতু নির্মাণের পর হয়ত দেখা যাবে নদীতে পানি নেই। নদীগুলোকে বাঁচানো না গেলে বাংলাদেশকে বাঁচানো যাবে না।’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘প্রতিনিয়ত খাদ্যে বিষ প্রয়োগ করা হচ্ছে। প্রতিবছর ৪৫ লাখ লোক বিষাক্ত খাবার খেয়ে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। দেশের জনগণকে বাঁচাতে হলে খাদ্যে বিষ মিশ্রণকারীদের ধরে কঠোর শাস্তি দিতে হবে। মানুষের বিবেককে জাগাতে হবে।’
বিরোধী দলের নেতা আরও বলেন, ‘আমাদের সশস্ত্রবাহিনীর জন্য আমরা সবসময় গর্ববোধ করি। মহান মুক্তিযুদ্ধে তাদের অপরিসীম অবদান জাতি চিরকাল স্মরণ করবে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘে শান্তি মিশনে তাদের কর্মকাণ্ড সারাবিশ্বেই প্রশংসিত হয়েছে, যা আমাদের দেশের গৌরব। অবকাঠামোগত উন্নয়ন গড়ে তুলতে পারলে বিদেশী বিনিয়োগ অনেকগুণ বেড়ে যাবে, দেশের চিত্রই পাল্টে যাবে।’
তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির এ যুগে গোটা বিশ্বই এগিয়ে চলেছে, সারাবিশ্ব এখন আমাদের নাগালের মধ্যে। বাংলাদেশও ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে ইন্টারনেটের স্পিড একটু বাড়াতে হবে।’
রওশন এরশাদ বলেন, ‘জীবদ্দশায় আমি ময়মনসিংহকে বিভাগ দেখে যেতে চাই। বৃহত্তর ময়মনসিংহবাসী এ জন্য প্রধানমন্ত্রীকে দুই হাত তুলে দোয়া করছেন। অবিলম্বে ঘোষিত ময়মনসিংহ বিভাগের কার্যক্রম শুরু করেন।’
তিনি বলেন, ‘মাদকের মরণ ছোবল থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন হবে না। খাদ্যদ্রব্যে ফরমালিন মেশানো বন্ধসহ বিদ্যমান আইনগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা দরকার।’
এএইচ





