খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম বলেছেন, চিকিৎসার নাম করে খালেদা জিয়া লন্ডনে চক্রান্ত করতে যাচ্ছেন।

মন্ত্রীর দাবি করেন, 'তার পুত্রের (বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান) সাথে পাকিস্তানের আইএসআই, আল-কায়দা ও জঙ্গিদের সম্পর্ক রয়েছে। তার সাথে দেখা করে তিনি (খালেদা জিয়া) কি করেন সেটাই দেখার বিষয়।'

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট আয়োজিত 'জাতীয় শোক দিবস' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

'খালেদা এবং তারেককে বিশ্বাস করা যায় না' মন্তব্য করে মন্ত্রী বলেন, 'এরা ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গেছে। সুস্থ রাজনীতি এদের মাঝে নাই। এরা লন্ডনে বসে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই করবেন না।'

খালেদা-তারেকের কারণে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে দাবি করে তিনি বলেন, বিএনপির যারা সুস্থ রাজনীতিতে বিশ্বাস করে তারা যতদিন পর্যন্ত দল থেকে খালেদা ও তারেককে বিতাড়িত করতে না পারবে ততদিন র্পযন্ত বিএনপি সুস্থ রাজনীতিতে ফিরতে পারেবে না।

জিয়া কোনো সময় মুক্তিযোদ্ধা ছিলেন না দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার আগে কর্ণেল ফারুক এবং রশিদের সাথে জিয়ার সাক্ষাৎ হয়। তখন জিয়াউর রহমান বলেছিলেন, এগিয়ে যাও।

'একজন প্রকৃত মুক্তিযোদ্ধা এমন কথা বলতে পারেন না। আসলে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন পাকিস্তানের হয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী,'যোগ করেন খাদ্যমন্ত্রী।

খালেদা জিয়ার জন্মদিন কে মিথ্যা জন্মদিন আখ্যায়িত করে তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট তারেক রহমান শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল। এতে যদি সে সফল হতো তাহলে ২১ আগস্ট সেও জন্মদিন পালন করতো।

'শেখ হাসিনা ‍বিশ্বব্যাংককে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে' পদ্মা সেতু করছেন দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিশ্বব্যাংক ভেবেছিল তাদের সাহায্য ছাড়া পদ্মা সেতু হবে না। কিন্ত শেখ হাসিনার দ্বারা সবকিছুই সম্ভব-তা তিনি বুঝিয়ে দিয়েছেন।'

আয়োজক সংগঠনের সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি শামসুল কাওনাইন কুতুব, সংগঠনের উপদেষ্টা মেজর (অব.) জিয়াউদ্দীন আহমেদ, মহাসচিব নাজমুল হাসান পাখী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ।

এমকে