প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর সফরে বিদ্যুতের তিনটি পাওয়ার প্লান্ট উদ্বোধন করা হবে। এতে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপন্ন সম্ভব হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ইন্ডিয়া সিটিজেন সোসাইটি ও ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের যৌথ আয়োজনে 'ঐতিহাসিক স্থল চুক্তি বাস্তবায়ন বাংলাদেশ-ভারত বন্ধুত্বের যুগান্তকারী সাফল্য' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমাদের বিদ্যুতের যে সমস্যা তার অনেকটাই সমাধান হবে। চুক্তির মাধ্যমে আগামীকাল ওই চুক্তি সম্পাদন হওয়ার সম্ভবনা বেশি।

মোদীর সফরে দুই দেশের মুক্তিযুদ্ধের সম্মান জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার সময়ে ভারতের প্রায় ১৫শ' থেকে ১৮শ' সেনাবাহিনী মারা গেছে। তাদেরও তালিকা করা হচ্ছে এবং তাদেরকেও সম্মাননা দেয়া হবে। পাশাপাশি বাংলাদেশের যেসব মুক্তিযোদ্ধা ভারতে বা সীমান্তে নিহত হয়েছে এবং যাদের কবর ভারতে রয়েছে তাদের দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এ নিয়ে ভারতের সাথে একটি চুক্তি হবে বলেও জানান তিনি।

ভারত হচ্ছে আমাদের সবচেয়ে অর্থনৈতিক বাজার মন্তব্য প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক এই উপদেষ্টা বলেন,অবৈধ সব বাদ দিয়ে বৈধ সব কিছু রপ্তানী করতে পারব। এতে কিছু প্রতিবন্ধকতা আছে যা নিয়েও এই সফরে আলোচনা হবে।

সংগঠনের নির্বাহী সভাপতি জাফর ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোরঞ্জন ঘোশাল, লায়ন আবু বরক সিদ্দিক ও ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের এস এ জাহাঙ্গীর আলম প্রমুখ।

এমএ/ এআর