আগামী সোমবার ‘‘বিএনপি-জামায়াতের তাণ্ডব রক্তাক্ত বাংলাদেশ” শীর্ষক ডিভিডি’র মোড়ক উন্মোচন করা হবে
শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের উদ্যোগে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ ডিভিডি’র মোড়ক উন্মোচন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।অনুষ্ঠানে দেশের বিশিষ্ট মানবাধিকার কর্মী ও পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এতে বিএনপি-জামায়াত জোটের হাতে নিগৃহীত সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ উপস্থিত থাকবেন।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি-জামায়াত জোটের হাতে ২০১৩ সালে দেশব্যাপী সহিসংতা সংঘটিত হয়েছে। এসব সহিংসতার উপর ভিত্তি করে এই ডিভিডি নির্মিত হয়েছে।
ঢাকা, এমআর, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





