বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, অবৈধ পথে ক্ষমতায় এসে আওয়ামীলীগ গণবিচ্ছিন্নতা আর ধিক্কার ছাড়া কিছু পায়নি। কিন্তু তবুও তাদের শুভ বুদ্ধির উদয় হয়নি। বরং প্রতিদিন জুলুম নির্যাতনের নতুন নতুন পন্থা আবিস্কার করে জনগণকে হয়রানি করে যাচ্ছে। তাই আওয়ামী অশুভ শক্তির হাত থেকে দেশ ও ইসলামকে রক্ষা করতে আন্দোলনের মাধ্যমেই বাকশালীদের পতন তরান্বিত করা হবে।
ছাত্রশিবির ফেনী জেলা শাখা আয়োজিত উপশাখা সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকাল ৩টায় স্থানীয় মিলনায়তনে জেলা সভাপতি জাহেদ হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোজাম্মেল হোসেনের পরিচালনায় সম্মেলনে অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শূরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুইঁয়া, ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক রিয়াদ হোসেন রায়হান, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক রাশেদুল হাসান রানা, ফেনী শহর সভাপতি তারেক মাহমুদ, জামায়াতে ইসলামী ফেনী জেলা সেক্রেটারি এ.কে.এম সামসুদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক ও শহর আমীর মুফতি আবদুল হান্নান।
শিবির সেক্রেটারি বলেন, জনমতকে উপেক্ষা করে বাকশালী কায়দায় নির্বাচন করেছে আওয়ামীলীগ। ফলে জনগণ তাদের ধিক্কারের সাথে প্রত্যাখ্যান করেছিল। ভোট কেন্দ্রে ভোটারের বদলে কুকুর বিড়াল হাস-মুরগী বিচরণ করেছে। দেশ বিদেশে এ নির্বাচন ঘৃনার সাথে প্রত্যাখ্যাত হয়েছে। জনগণ আওয়ামী সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
তিনি বলেন, এখন মিডিয়া ও উচ্চ আদালতকে নিয়ন্ত্রন করতে কালাকানুন প্রণয়ন করেছে। সরকার একে একে রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠানে রুপান্তর করার অপচেষ্টা করছে। আর বিরোধী দলের উপর বিশেষ করে জামায়াত-শিবির নেতাকর্মীদের টার্গেট করে নির্যাতনের ষ্টিম রোলার চালাচ্ছে। এসব করে আওয়ামীলীগ মূলত তাদের বাকশালী মুখোশ উন্মোচন করেছে।
তিনি হুশিয়ার করে বলেন, অবৈধ সরকার যদি মনে করে থাকে গণতন্ত্রের ভিত্তিগুলো গ্রাস করে এবং জুলুম নির্যাতন চালিয়ে শেষ রক্ষা হবে তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। হত্যা জুলুম নির্যাতন করে ইসলামী আন্দোলনকে দমন করা যায়না বরং বুমেরাং হয় তা গত উপজেলা নির্বাচনসহ বিভিন্ন ভাবে প্রমাণ হয়েছে।
শিবির সেক্রেটারি জেনারেল সমবেত উপশাখা সভাপতিদের এ সরকারের জুলুম, নির্যাতনের চিত্র জনগণের সামনে তুলে ধরে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





