সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, নূরুল ইসলাম ফারুকীর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হত্যাকারীরা সারাদেশের আলেম সমাজকে ভীতসন্ত্রস্ত করে তুলেছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণমাধ্যম উপস্থাপক নূরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্বীনে ইসলামের বার্তা প্রচারক এ মানুষটিকে যারা হত্যা করেছে তারা কোনোভাবেই ইসলামের মঙ্গল কামনাকারী নয়। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুমার সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সহ-দপ্তর সম্পাদক জহর লাল হাজারী, কার্যনির্বাহী সদস্য আবুল মনসুর ও অমল মিত্র, নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি প্রমুখ।

সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, নূরুল ইসলাম ফারুকীর মতো একজন আলেমকে যারা হত্যা করেছে তারা নিঃসন্দেহে ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। স্বাধীনতাপূর্ব সময় থেকেই এ চক্রটি শান্তিপ্রিয় বাঙালির ওপর ইসলামের নাম দিয়ে অনৈসলামিক কর্মকাণ্ড পরিচালনা করে এসেছে। স্বাধীন বাংলাদেশে চক্রটি এখনও তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ