আওয়ামী লীগের সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দলীয় এক কর্মী দ্বারা লাঞ্ছিত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রমেশ চন্দ্র দলীয় অফিসে জেলা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করছিলেন। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন পৌর কমিটির সদস্য আলম। এ সময় জেলা আওয়ামী লীগের সভা সভাপতি মকবুল হোসেন বাবু, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম খোকনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এ বিষয় আলম জানান, বেলা সাড়ে ১২টার দিকে জেলা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করছিলেন রমেশ চন্দ্র সেন। সেখানে জেলা কমিটির বাইরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের দেখে আমি অফিসের ভেতরে গেলে রমেশ চন্দ্র আমাকে বের হয়ে যেতে বলেন। অন্যরা থাকলে আমি থাকতে পারবো না কেন-একথা বলার সঙ্গে সঙ্গে তিনি ধমক দিয়ে আমাকে বের হয়ে যেতে বলেন।
পৌর এই নেতা আরও অভিযোগ করেন, রমেশ চন্দ্র ত্যাগী নেতাদের কোনো প্রকার মূল্যায়ন করছে না। তিনি হাইব্রিড নেতাদের সঙ্গে মিলে ত্যাগী নেতাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে লাঞ্ছিত করছেন। এ কারণে জেলার বেশির ভাগ নেতাকর্মীই তার ওপর ক্ষিপ্ত।
ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, রমেশ চন্দ্র মাঝে মধ্যে দলীয় নেতাকর্মীদের অফিস থেকে বের করে দেন। এ কারণেই আজকে তিনি উচিত শিক্ষা পেয়েছেন।
এ ব্যাপারে রমেশ চন্দ্র সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটাকে লাঞ্ছিত বলা যাবে না। সামান্য কথাকাটি হয়েছে মাত্র।
ঢাকা, ২৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





