বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দলের বিরুদ্ধে নয়, বরং ভুল-ত্রুটি সংশোধনীর জন্য বই রচনা করেছি।

‘আমি আশা করি এ সব ভুল-ত্রুটি শুধরে নিলে পরবর্তীকালে দল ক্ষমতায় যেতে পারবে। বইটি বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্য’ বলেন মওদুদ।

সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোমবার দুপুরে তিনি এ সব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘আমার বইয়ের মূল প্রতিপাদ্য বিষয় হলো- ২০০৮ সালের নির্বাচন নিয়ে। সেখানে আমি উল্লেখ করেছি কিভাবে ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকার বিএনপির ওপর নির্যাতন চালিয়েছে।’

‘আমি ভেবেছিলাম, আমার লেখা বই পড়ে দলের লোকজন অনুপ্রাণিত করবে। আমাকেঅভিনন্দন জানাবে। অন্যদিকে সরকার অসন্তুষ্ট হবে। কিন্তু তা হয়নি। তাই আমি বলব পুরো বইটি পড়ার জন্য’।

নিজ বাড়ি রক্ষার জন্যই মওদুদ আহমদ এ বই লিখেছেন রিজভীর এমন বক্তব্যের বিরোধীতা করে তিনি বলেন, ‘বাড়ি রক্ষার সঙ্গে লেখা বইয়ের কোনো সম্পর্ক নেই। সরকারকে সন্তুষ্ট করার জন্য বই লেখা হয়নি। বই লেখা হয়েছে ২০০৭ সালে যখন আমি কারাগারে ছিলাম। আর বাড়ির ব্যাপারটি সাম্প্রতিক সময়ের ঘটনা। সুতরাং বাড়ি রক্ষার বিষয়টি আসার কথা নয়।’

তিনি বলেন, রুহুল কবির রিজভী কোনো কোনো পত্রিকার হেডলাইন দেখে আমার বিরুদ্ধে বিষোদগার করছেন। তিনি পুরো বই পড়লে এ কথা বলতেন না। আমি তাকে অনেক স্নেহ করি এবং তার কথায় আমি খুবই দুঃখ পেয়েছি।

সুতরাং পুরো বই না পড়ে কোনো মন্তব্য করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

আপনার বইয়ের মোড়ক উন্মোচন করে যাওয়ার সময় ঢাবির অধ্যাপক মাহবুব উল্লাহর ওপর হামলার বিষয়ে জানতে চাইলে মওদুদ আহমদ বলেন, ‘উনার মতো একজন ব্যক্তির ওপর হামলা আমরা কখানোই প্রত্যাশা করিনি।’

সরকারের কিছু লোক এই হামলা করেছে বলেও মনে করেন মওদুদ।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ