জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ জাতীয় যুব-সংহতি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশে এখন চরম নৈরাজ্য ও সমন্বয়হীনতার সাথে সাথে দুর্নীতির মহোউৎসব চলছে।
ব্যাংকে অলস টাকা পড়ে আছে অথচ বিনিয়োগ নেই। বিনিয়োগ না হলে মধ্যম আয়ের দেশ হিসেবে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে পারবো না।
অন্যদিকে দেশে চলছে এখন পুলিশী রাজত্ব। বন্দী অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম শীর্ষ নেতা নাসির উদ্দিন আহমদ পিন্টুর মৃত্যু ফ্যাসিবাদের উলঙ্গ বহি:প্রকাশ বলেই জাতীয় ও আন্তর্জাতিক মহল মনে করেন।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে দেশের প্রচলিত আইন এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মন্তব্য সত্বেও বেআইনি ভাবে মন্ত্রী পদে বহাল রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে দেশে চলছে এখন নগ্ন স্বৈরাচার ও ফ্যাসিবাদ। সর্বোচ্চ আদালতের মন্তব্য ও প্রতিবেদনকে উপেক্ষা করা হচ্ছে।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পূরোধা মাহমুদুর রহমান মান্না এখনও করাগারে বন্দী। গুরুতর অসুস্থ অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিরোধী দলেন অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির ব্যাপারে চলছে প্রহসন ও টাল বাহানা।
তিনি বলেন, বলা বাহুল্য প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই সরকারকে আগুণ নিয়ে খেলা বন্ধ করার আহবান জানান কাজী জাফর আহমদ।
আজ জাতীয় পার্টির গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব-সংহতি আয়োজিত এক ইফতার মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর আহমদ এসব মন্তব্য করেন।
জাতীয় পার্টির সাংগঠনিক সদম্পাদক ও জাতীয় যুব-সংহতির আহবায়ক মো: মহসীন সরকার এর সভাপতিত্বে উক্ত ইফতার মহফিলে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ড.টি.আই.এম.ফজলে রাব্বি চৌধুরী, পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম, খালেকুজ্জামান চৌধুরী, হোসনে আরা আহসান, ভাইস চেয়ারম্যন ড. নূরুল আজাহার শামীম, মো: সরিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক কাজী মো: ইকবাল, জাতীয় যুব-সংহতির সদস্য সচিব সোয়েব মো: সানী, যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম, মো: আরিফুজ্জামান মাসুম, মো: রুবেল খান ও নিজামউদ্দিন আহমদ প্রমুখ।
মোস্তাক আহমদ লাবলুর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী জিলা কমিটির সভাপতি জনাব মোস্তাক আহমদ লাবলুর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক মৃত্যুতে সভায় গভীর শোক প্রকাশ করা হয় এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।
সভার প্রারম্ভেই মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মরহুমের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এসএইচ





