সিটি নির্বাচনকে তামাশা ও প্রহসনের আখ্যায়িত করে নির্বাচন বাতিল ও কমিশনের (ইসি) পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।
পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেছেন, নির্বাচন বর্জন ছাড়া বিএনপির উপায় ছিল না। কারণ ওই দিন দুপুরের পর থেকে ঢাকায় ৯৯ শতাংশ এবং চট্টগ্রামে ৮০ শতাংশ ভোট কেন্দ্রই দখল হয়ে গেছে বলে অভিযোগ করেছে দলটি।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে বিএসপিপি আয়োজিত সিটি করপোরেশন নির্বাচনে নজিরবিহীন ভোট কারচুপি ও সহিংস এবং প্রহসনের নির্বাচনের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গাজী বলেন, ২৮ এপ্রিল দেশে কিভাবে কু-নির্বাচনে ক্যুর এক দানবীয় রূপ তা দেখেছে। যা বিদেশি কূটনীতিক এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও অসন্তোষ প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট নির্বাচন নিয়ে তার প্রতিক্রিয়ায় বলেন, যে কোনোভাবে জিতলেই তা কোনো জয় নয়। মার্কিন দূতাবাস নির্বাচন নিয়ে বিবৃতিতে হতাশা ব্যক্ত করে অনিয়মের ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত জরুরি বলে দাবি করেছে।
জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অনিয়মের ঘটনার তদন্ত করার আহ্বান জানিয়েছে। এ ছাড়াও এশিয়ান হিউম্যান রাইটস কাউন্সিল, টিআইবি এবং ইলেকশন ওয়ার্কিং গ্রুপও এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলেছে।
তিনি আরো বলেন, আজ ও গতকালের দৈনিক পত্রিকার শিরোনামেই বুঝা যায় যে ভোট ডাকাতির মহোৎসব কিভাবে চলছে। তাই তিনি জনগণকে সকল প্রকার অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধারে দুর্বার সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরি, ড্যাবের সাধারণ সম্পাদক ডা. এ জেড এম জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এএইচ





