দলীয় নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, আমি নিজে আপনাদের পাশে থাকব।

যেকোনো সমস্যায় আমি আপনাদের সাথে আছি। কোনোভাবেই আপনারা ভয় পাবেন না। ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে। তিনি বলেন,প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের ফলাফল নির্ধারণের চেষ্টা করা হলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে দ্বিতীয় দিনের মত প্রচারণা শুরু করার আগে তিনি একথা বলেন।

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক বলেন, গত ১৩ বছর ধরে আমরা দেখেছি সরকার কী করতে পারে। তাদের কোনো জনসমর্থন নেই। তাদের পাশে ভোটাররা নেই।

তিনি আরও বলেন, নির্বাচনে ইশরাক হোসেন কেউ না, এই নির্বাচন আমাদের মুক্তির লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এটা দলের লড়াই। আমাদের নেত্রীকে জেল থেকে বের করার লড়াই।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির বৈদেশিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক বলেন, আপনারা যদি দেশে শান্তি ফিরে পেতে চান, ভোটাধিকার ফিরে পেতে চান, গণতন্ত্রকে রক্ষা করতে চান, আজকে যে দুর্নীতির মহোৎসব হচ্ছে, এসব বন্ধ করতে চান, আমাদের জোরালোভাবে মাঠে থাকতে হবে।

‌‌‌ ‘আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের পাশে থাকব। আমরা পুলিশকে ভয় পাই না। আমরা মুক্তিযোদ্ধার জাতি।’

আজ কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, এজিবি কলোনিতে গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডিসিসি নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মির্জা আব্বাস, ফজলুল হক মিলন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানসহ শতশত নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন।

এএস