গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, হেফাজতে ইসলাম নিজেদের রাজনৈতিক লিপ্সা চরিতার্থ করতে ধার্মিক-অধার্মিকের সার্টিফিকেটের দোকান খুলেছে। অথচ কার ধর্ম আছে, কার নেই, সেটা ফয়সালা করার অধিকার কোনো ব্যক্তির নেই।
বুধবার বিকালে ‘গণজাগরণ ঘরে ঘরে’ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর ফার্মগেটের একটি উদ্যানে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইমরান সরকার। হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর মঙ্গলবারের দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন করা হয়।
বগুড়ায় হেফাজতের এক সমাবেশে বাবুনগরী মন্তব্য করেন, নাস্তিকদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও শাপলা চত্বরের মতো বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া হবে। তিনি বলেন, ‘দেশে ইসলামের শত্রুদের ঠাঁই হবে না। আমরা সংখ্যালঘুদের ওপর কোনো জুলুম-নির্যাতন করি না। কিন্তু ইসলামের কথা বলতে গিয়ে যদি কোন নাস্তিক মুরতাদের গা জ্বালা করে, তবে সেজন্য হেফাজত দায়ী নয়।’
বাবুনগরীর বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ সংবাদ সম্মেলন করে ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা বারবার বলছি, আসন্ন চারটি রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবির চক্র তাদের সবগুলো অস্ত্র একসঙ্গে মিলিয়ে বৃহত্তর তাণ্ডবের প্রস্তুতি নিচ্ছে। বাবুনগরীর এই অযাচিত উসকানি আমাদের সেই বক্তব্যের সত্যতাকেই প্রতিষ্ঠিত করছে।’
ইমরান বলেন, ‘এই হুমকি প্রদান থেকে বৃহত্তর একটি ষড়যন্ত্র ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। এই হুমকি ও ষড়যন্ত্র গণজাগরণ মঞ্চের বিরুদ্ধেই শুধু নয়, পর্দার আড়ালে যেকোনো আপসের সম্ভাবনাও তৈরি করতে পারে।’
গত বছরের ৫ মে ‘মতিঝিল তাণ্ডবের’ পরবর্তী মামলাগুলোর কার্যক্রম বন্ধ কেন, সরকারের প্রতি এমন প্রশ্নও রাখেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।
বুধবার তেজগাঁও, ফার্মগেট, ইন্দিরা রোড, তেজকুনীপাড়া, রাজাবাজার, খামারবাড়ি ও কারওয়ান বাজার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে যুদ্ধাপরাধের বিচারের পক্ষে জনমত গড়তে প্রচার চালিয়ে যাচ্ছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
‘ধার্মিক-অধার্মিকের সার্টিফিকেটের দোকান খুলেছে হেফাজত’
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, হেফাজতে ইসলাম নিজেদের রাজনৈতিক লিপ্সা চরিতার্থ করতে ধার্মিক-অধার্মিকের সার্টিফিকেটের দোকান খুলেছে। অথচ কার ধর্ম আছে, কার নেই, সেটা ফয়সালা করার অধিকার কোনো ব্যক্তির নেই।





