বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। সাক্ষাৎ শেষে স্বজনরা জানান, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে চাই।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তারা।
হাসপাতাল থেকে বের হয়ে খালেদা জিয়ার মেজ বোন বেগম সেলিমা ইসলাম সাংবাদিকদের এই কথা বলেন।
সেলিমা ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার জামিন পেলে তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বিদেশ নিতে চাই।
তিনি বলেন, এখানে তার চিকিৎসা হচ্ছে না।
বিকেল সাড়ে ৩টার দিকে খালেদা জিয়ার স্বজনরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার সাথে দেখা করতে আসেন। প্রায় ঘণ্টাখানেক তারা খালেদা জিয়ার পাশে থাকেন।
স্বজনদের মধ্যে ছিলেন- বেগম খালেদা জিয়ার মেঝ বোন বেগম সেলিমা ইসলাম, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বড় বোন শামীম আরা বিন্দু, খালেদা জিয়ার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দারসহ ছয়জন।
এদিকে, শুক্রবার (২৫ অক্টোবর) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে শোচনীয়। তার উন্নতমানের সুচিকিৎসার অধিকারটুকু কেড়ে নেয়া হয়েছে। গত ১৪ দিনে কোনো চিকিৎসক তার কাছে যাননি। বিএসএমএমইউ-এর ভিসি সাহেব গত সপ্তাহে রিমাটোলজিস্টদের দিয়ে যে মেডিকেল বোর্ড গঠন করেছেন, অদ্যাবধি সেই মেডিকেল বোর্ড বেগম জিয়া কিংবা তার কোনো স্বজনকে চিকিৎসার কোনো রিপোর্ট দেননি।”
এমবি





